চট্টগ্রামে এক ব্যবসায়ীর গুদাম থেকে এক হাজার ৫০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। রবিবার (৮ মে) বেলা ২টায় নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী সিডিএ কর্ণফুলী মার্কেটে এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সয়াবিন তেলের সংকট সৃষ্টির কারণ জানতে রবিবার সকালে বহদ্দারহাট ও চৌমুহনী সিডিএ কর্ণফুলী মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। তবে বহদ্দারহাটে তেমন অনিয়ম পাওয়া যায়নি। সিডিএ মার্কেটের আশপাশে খুচরা দোকানে গিয়ে দেখা যায় সেখানে তেল নেই। দোকানিরা জানান, ডিলাররা তাদের তেল সরবরাহ করছেন না। এ সময় দোকানিদের দেওয়া তথ্যে স্থানীয় এক ডিলার মেসার্স খাজা স্টোরের গুদামে অভিযান চালানো হয়। এ সময় আন্ডারগ্রাউন্ডে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় এক হাজার ৫০ লিটার সয়াবিন তেল পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠান মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকারের ওই কর্মকর্তা আরও বলেন, প্রতিষ্ঠান মালিক বলেছিলেন তার তেলগুলো দাম বাড়ার আগে কেনা। পাঁচ লিটারের তেলের বোতলে দাম ছিল ৭৬০ টাকা। তিনি ৭৪৫ টাকা করে কিনেছেন বলে আমাদের জানিয়েছেন। পরে এসব তেল ৭৫০ টাকা দরে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া হয়। মেসার্স খাজা স্টোরের মালিককে ৪০ হাজার টাকা জরিমানার পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
এর আগে শনিবার (৭ মে) রাতে ফটিকছড়ি উপজেলায় এক ব্যবসায়ীর ঘর থেকে জব্দ করা হয় দুই হাজার ৩২৮ লিটার সয়াবিন তেল। তেল মজুতের অভিযোগে ব্যবসায়ী আকতার হোসেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর।