বোতলের তেল খোলা হিসেবে বিক্রি, জরিমানার পর প্রতিষ্ঠান সিলগালা



আগের কেনা বোতলজাত সয়াবিন তেল বেশি দামে খোলা হিসেবে বিক্রির অভিযোগে চট্টগ্রামে এক ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১২ মে) দুপুরে নগরীর ছোট পুল এলাকায় এ অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বাংলাট্রিবিউনকে বলেন, দুপুরে নগরীর ছোট পুল বাজারের বিসমিল্লাহ স্টোর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ১০১৫ লিটার তেল জব্দ করা হয়। এসব তেল আগের কেনা। যেগুলোতে পাঁচ লিটার বোতলে মূল্য লেখা আছে ৭৬০ টাকা। এরমধ্যে ৫০০ লিটার তেল বোতল থেকে কেটে খোলা হিসেবে বিক্রি করা হচ্ছিল। ৭৬০ টাকা দামের পাঁচ লিটার তেল খোলা হিসেবেও ১৪০ টাকা বেশি নিয়ে ৯০০ টাকায় বিক্রি হচ্ছিল। বাকি ৫০০ লিটার তেল বোতল ভর্তি ছিল। এগুলোও বেশি দামে বিক্রি করা হচ্ছে। পরে জব্দ তেল স্পটেই ক্রেতাদের কাছে বিক্রি করে দেওয়া হয়।

তিনি আরও জানান, বিসমিল্লাহ স্টোরকে সাময়িকভাবে সিলগালা করার পাশাপাশি দুই লাখ টাকা জরিমানা করা হয়।

একইদিন খুলশী থানাধীন ঝাওতলা এলাকায় পৃথক অভিযান চালায় অধিদফতর। এ সময় ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের কারণে পাঁচ দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।