চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে দগ্ধ আরও তিন জনকে ঢাকায় নেওয়া জরুরি বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, ‘রবিবার (৫ জুন) ১৪ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। এখন আরও তিন জনকে পাঠাতে হবে।’
সোমবার (৬ জুন) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালকের কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে চমেক হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসাধীন দগ্ধ রোগীদের পর্যবেক্ষণ করেন।
ডা. সামন্ত লাল বলেন, ‘সীতাকুণ্ডে দগ্ধদের জন্য সবচেয়ে ভয়ের কারণ হচ্ছে সংক্রমণ। তাদের সংক্রমণ হলে কোনোভাবেই বাঁচানো সম্ভব না। সেজন্য অযথা কেউ ভিড় করে তাঁদের ঝুঁকির কারণ হবেন না।’
তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কিছু সুযোগ-সুবিধার সংকট আছে । সেজন্য গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।’