দুই বছর পর চট্টগ্রাম থেকে গেলো হজের প্রথম ফ্লাইট

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজের ফ্লাইট শুরু হয়েছে। বুধবার (১৫ জুন) দুপুর পৌনে ২টায় ৪১৭ জন হজযাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে হজের প্রথম ফ্লাইটটি মদিনার উদ্দেশে উড়াল দিয়েছে। এ সময় বিমানের মহাব্যবস্থাপক, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক, আটাব নেতা ও স্বজনরা উপস্থিত ছিলেন।

শাহ আমানত বিমান বন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হজযাত্রীদের নিয়ে দুপুর পৌনে ২টার দিকে বাংলাদেশের বিমানের বিজি-৩২১১ ফ্লাইটটি ছেড়ে গেছে। গত দুই বছর করোনার কারণে সরাসরি চট্টগ্রাম থেকে মদিনায় হজযাত্রী পরিবহন বন্ধ ছিল।’

বিমানের চট্টগ্রাম স্টেশন মাস্টার জানান, চট্টগ্রাম থেকে এবার ১১টি ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করবে বাংলাদেশ বিমান। ডেডিকেটেড ফ্লাইটগুলোর মধ্যে হজযাত্রী নিয়ে দুটি ফ্লাইট যাবে মদিনায়। বাকি ৯টি ফ্লাইট যাবে জেদ্দা বিমানবন্দরে। এসব ফ্লাইটে এবার চট্টগ্রাম থেকে পাঁচ হাজার ২০ হজযাত্রী পরিবহন করা হবে।