ঢাকা-চট্রগ্রামের কুমিল্লা অংশে ১০ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ১০ কিলোমিটার যানজট তৈরি হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) রাত ১১টা থেকে কুমিল্লা-ঢাকা রোডে যানবাহনের চাপ বাড়তে থাকে। পরে দাউদকান্দি টোল প্লাজা থেকে কুমিল্লার দাউদকান্দির শহীদনগর এলাকা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার যানজট তৈরি হয়।

জানা গেছে, টোল গ্রহণে ধীর গতির কারণেই মূলত এই যানজট দেখা দিয়েছে। যানজটে দূরপাল্লার যাত্রীবাহী বাস, ওষুধবাহী কাভার্ড ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে পড়েছে।

কুমিল্লার দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, আনুমানিক ১২টার দিকে হঠাৎ যানবাহনের চাপ বেড়ে যায়। আচমকাই অতিরিক্ত চাপে গাড়ির ধীর গতিতে চলা শুরু হয়। যে কারণে কুমিল্লা-ঢাকা লেনে যানজট লেগেছে। আমরা কাজ করছি যেন খুব শিগগিরই রাস্তা পরিষ্কার করা যায়।