ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাটারিচালিত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে শাম্মী আক্তার (২২) নামে এক গৃহবধূর মুত্যু হয়েছে। রবিবার (১৭ জুলাই) সন্ধ্যায় পৌর এলাকার পুনিয়াউট-উলচাপাড়া সড়কের নয়নপুরে এ ঘটনা ঘটে। নিহত শাম্মী আক্তার ওই এলাকার কালন মিয়ার মেয়ে।
নিহতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ধ্যায় শাম্মী তার স্বামীর বাড়ি শহরের পশ্চিম পাইকপাড়া থেকে ব্যাটারিচালিত ইজিবাইকে করে সদর উপজেলার উলচাপাড়া এলাকায় যাচ্ছিলেন। পথে নয়নপুর নামক স্থানে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায়। ইজিবাইক থেকে ছিটকে পড়ে যান। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল কর্মকর্তা ডা. আরিফুজ্জামান হিমেল জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই রোগী মারা গেছে। তাকে ইসিজি পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। তার গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে।