মহাসড়কে ডাকাতিতে জড়িত সন্দেহে গ্রেফতার ৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতিতে জড়িত চক্রের পাঁচ সদস্যকে বিপুল পরিমাণ চোরাই মালামালসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১২ সেপ্টেম্বর) মধ্যরাতে নগরী ও জেলার সীতাকুণ্ড উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  সোমবার রাত ৮টায় প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো- মাসুদ আলম ওরফে হিরো (২৩), মানিক ওরফে সোহেল (৩২), মুহাম্মদ সাজু (৩৪), শামসুল আরেফিন খান ওরফে হৃদয় (২৩), শফিকুল ইসলাম কাজল (২৯)।

তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল, একটি এলজি, দুই রাউন্ড কার্তুজ, একটি ল্যাপটপ, তিনটি ট্যাব, ৩০টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট, একটি স্টিলের ছোড়া, একটি লোহার হ্যান্ড পান্স, একটি মিনি জেনারেটর, সাতটি রেইন বো রংয়ের কোটা, একটি পুরাতন বৈদ্যুতিক চুলা, একটি অ্যাডজাস্ট ফ্যান, দুটি  স্ট্যাবিলাইজার, একটি পুরাতন এয়ার প্রেসার মেশিন, পাঁচটি বিভিন্ন মডেলের পুরাতন ওয়াটার প্যাম্পসহ বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন বলেন, আসামিরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, টোল রোড ও লিংক রোডে পথচারী ও যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুট করতো। পাশাপাশি বিভিন্ন বাড়ি-ঘর ও দোকান থেকে মালামাল চুরিতেও জড়িত তারা।