ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারে জরিমানা ৫০ হাজার 

নোয়াখালী জেলা শহর মাইজদীতে প্রাইভেট হাসপাতালের প্যাথলজি ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জেলার হাসপাতাল রোড এলাকার জননী জেনারেল হাসপাতালকে এ  জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।

অধিদফতর সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে দুপুরে জেলার হাসপাতাল রোড এলাকার জননী জেনারেল হাসপাতালে অভিযান চালানো হয়। এ সময় প্যাথলজিতে রোগ নির্ণয়ে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার করায় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। 

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউছার মিয়া বলেন, জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠানটিকে সতর্ক করা হয়েছে। 

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী এবং সুধারাম মডেল থানা পুলিশ।