কক্সবাজারের উখিয়ার তাজনিমারখোলা ক্যাম্পে মুখোশ পরে আরও এক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাজনিমারখোলার ১৯ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
নিহত হাফেজ সৈয়দ হোসেন (৩২) তাজনিমারখোলা ১৯ নম্বর ক্যাম্পের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।
তিনি বলেন, ‘আরও এক রোহিঙ্গাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কেন এই হত্যাকাণ্ড ঘটছে তার কারণ খুঁজছি আমরা। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।’
আরও পড়ুন: উখিয়ায় মুখোশ পরে ২ রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা
তাজনিমারখোলা ক্যাম্পের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, ‘সন্ধ্যায় মুখোশ পরে একদল দুর্বৃত্ত ক্যাম্পে ঢুকে সৈয়দ হোসেনকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে চলে যায়। হামলাকারীরা আরসার সদস্য। সৈয়দ হোসেন দীর্ঘদিন ধরে আরসার অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। এজন্য তাকে আরসার সদস্যরা হত্যা করেছে বলে ধারণা করছি আমরা।’
এর আগে শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তাজনিমারখোলার ১৩ নম্বর ক্যাম্পে মুখোশ পরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। তারা হলেন উখিয়ার ১৩ নম্বর ক্যাম্পের এফ-৫ ব্লকের বাসিন্দা সাব-মাঝি মৌলভী মো. ইউনুস (৩৮) ও হেড মাঝি মোহাম্মদ আনোয়ার।