ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রিয় দল ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কক্সবাজারে ছাদ থেকে পড়ে মোহাম্মদ মুসা নামে (১৬) নামের এক কিশোর প্রাণ হারিয়েছে।
সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের তারাবনিয়াছড়ায় এই ঘটনা ঘটে। নিহত কিশোর কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহাবুদ্দীন সিকদার।
তিনি বলেন, ফুটবল বিশ্বকাপ উপলক্ষে পতাকা কিনে আনে মুসা। বিকালে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে সে বাসার ছাদে পতাকা টানাতে যায়। এ সময় অসাবধানতায় ছাদ থেকে পড়ে সে জ্ঞান হারায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।