কক্সবাজারের টেকনাফের চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। সোমবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল ক্যাম্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা বলেন, ‘চাকমারকুল ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসসহ আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সম্ভম হয়েছি। কীভাবে আগুন লেগেছে, বিষয়টি খতিয়ে দেখা হবে।’
২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সাব-মাঝি আমির হোসেন বলেন, ‘রাতে হঠাৎ আমার ক্যাম্পের একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। এতে অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।’
ক্যাম্পের বাসিন্দা মো. আলম জানান, তাদের ক্যাম্পের একটি ঝুপড়ি ঘরের রান্না চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) মো. এরফালুন হক চৌধুরী বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এ ঘটনায় অর্ধশতাধিক ঘর পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’