অপহণের ৭ ঘণ্টা পর ঢাবি ছাত্রীকে উদ্ধার

রাঙামাটির সাজেকে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপহৃত ছাত্রী দীপিকা চাকমাকে সাত ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সাজেক ইউনিয়নের দাড়িপাড়ার বনোআদম এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মীর আবু তৌহিদ। একই দিন দুপুর ১টার দিকে সাজেকের সিজকছড়া এলাকা থেকে তাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে গিয়েছিল পাহাড়ি সন্ত্রাসীরা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ৩৪ শিক্ষার্থীর একটি দল ট্যুর গ্রুপের মাধ্যমে সাজেকে ঘুরতে যাচ্ছিলেন। এর মধ্যে ১৫ ছাত্র ও ১৯ ছাত্রী ছিলেন। দুপুর ১টার দিকে সাজেকের সিজকছড়া এলাকায় শিক্ষার্থীদের বহনকারী গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে থামানো হয়। এ সময় হঠাৎ ১০-১২ জন পাহাড়ি সন্ত্রাসী উপস্থিত হয়ে গাড়িতে কোনও পাহাড়ি শিক্ষার্থী আছে কিনা জানতে চায়। সেইসঙ্গে নিজেরাই গাড়িতে তল্লাশি চালিয়ে দীপিকাকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়।

পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই শিক্ষার্থীকে উদ্ধারে মাঠে নামে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। সাত ঘণ্টার চেষ্টায় বনোআদম এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসীরা। বর্তমানে ওই শিক্ষার্থী সাজেক থানায় রয়েছেন। অপহরণের ঘটনায় জড়িতদের আটকে অভিযান শুরু করেছে পুলিশ।’