কুমিল্লায় নৌকার সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও চান্দিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর প্রচারণায় দফায় দফায় হামলার অভিযোগ পাওয়া গেছে। প্রচারণার সময় চান্দিনা পৌরসভার মেয়র শওকত ভূঁইয়ার ছেলে মো. তানিমের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় স্বতন্ত্র প্রার্থীর ৯ কর্মী-সমর্থক আহত হয়েছেন। এর মধ্যে দুই জনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকেদের কাছে এসব অভিযোগ করেন মুনতাকিম আশরাফ টিটু। আহত কর্মী-সমর্থকরা হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, তার ভাই আব্দুল মবিন, তার ছেলে নাজমুল হাসান রোমেল, পৌর যুবলীগের সভাপতি জাকির হসেন সরকার, পৌর ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আরাফাত, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সালেহ মাহমুদ ভূঁইয়া লেনিন, পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি মাহমুদুল হাসান পাভেল, বরকইট ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম ও যুবলীগ নেতা মোহাম্মদ আলী।

কুমিল্লা-৭ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত । তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে লড়ছেন মুনতাকিম আশরাফ টিটু।

স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, শুক্রবার বিকাল ৫টায় চান্দিনা পৌরসভার হারং উচ্চ বিদ্যালয়ের সামনে আমার কর্মী-সমর্থকরা প্রচারণায় গেলে উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শামীম হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকার স্লোগান দিয়ে হামলা চালান। কর্মী-সমর্থকদের পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। একই দিন বিকালে বরকইট ইউনিয়নের শ্রীমন্তপুর এলাকায় আমার আরেকটি প্রচারণা দলের ওপর হামলা চালান নৌকার প্রার্থীর লোকজন। এছাড়া পৌর এলাকায় প্রচারণার সময় চান্দিনা পৌর মেয়রের ছেলের গাড়ি ভাঙচুর ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এর আগে গতকাল দোল্লাই নবাবপুর ইউনিয়নের নবাবপুর ও গল্লাই ইউনিয়নে আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা হয়েছে।

হামলার অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শামীম হোসেন বলেন, চান্দিনা পৌর এলাকায় স্বতন্ত্র প্রার্থীর জন্য আমি একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছি। তাই আমার নামে অপপ্রচার চালাচ্ছেন। আমি বিকালে হারং এলাকায় ছিলাম না, নৌকার প্রার্থী প্রাণ গোপাল দত্তের সঙ্গে অন্যত্র ছিলাম। আপনারা খোঁজ নিলে সত্যটা জানতে পারবেন। তাদের ওপর কারা হামলা করেছে, তা আমি জানি না। 

এ বিষয়ে চান্দিনা থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ বলেন, এখনও অভিযোগ পাইনি। স্বতন্ত্র প্রার্থী অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।