কুমিল্লা সিটির উপনির্বাচন: ভোটের মাঠে সাক্কু-কায়সার

কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে অংশ নিতে দুই জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (৩১ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।

এই দুই জন হলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (বর্তমানে দল থেকে বহিষ্কৃত) দুবারের সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি (বর্তমানে বহিষ্কৃত) মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার। উভয়ে প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র নিয়েছেন। 

তাদের মনোনয়নপত্র নেওয়ার বিষয়টি বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে নিশ্চিত করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।

নগর ভবন সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক। ওই বছরের ৭ জুলাই মেয়রের দায়িত্ব নেন। গত বছরের ১৩ ডিসেম্বর সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুতে মেয়রের পদ শূন্য হয়। ১৮ ডিসেম্বর মেয়র পদ শূন্য ঘোষণা করে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। 

গত ২৪ জানুয়ারি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব মো. জাহাংগীর আলম সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাচাই ১৫ ফেব্রুয়ারি, আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি, প্রতীক বরাদ্ধ ২৩ ফেব্রুয়ারি। আগামী ৯ মার্চ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। 

২০২২ সালের ১৫ জুন নির্বাচনে অংশ নেওয়ায় মনিরুল হক সাক্কু ও নিজাম উদ্দিন কায়সারকে দল থেকে বহিষ্কার করা হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আরফানুল হক ৫০ হাজার ৩১০ ভোট পেয়েছেন। মনিরুল হক পেয়েছেন ৪৯ হাজার ৯৬৭ ভোট। নির্বাচনে মনিরুল ৩৪৩ ভোটের ব্যবধানে পরাজিত হন। এছাড়া মেয়র পদে নিজাম উদ্দিন পেয়েছেন ২৯ হাজার ৯৯ ভোট। 

জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, ‘ঘোষিত তফসিল অনুযায়ী, ভোটের কার্যক্রম শুরু হয়েছে। বুধবার দুজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। কুমিল্লা সিটিতে ভোটার দুই লাখ ৪২ হাজার।’