আখাউড়ায় সেতুর ডাইভারশন ভেঙে আঞ্চলিক সড়কে যোগাযোগ বন্ধ

ঘূর্ণিঝড় রিমালের কারণে হওয়া বৃষ্টিপাতে ও ভারতের ত্রিপুরা রাজ্য থেকে আসা পাহাড়ি ঢলে আখাউড়া দেবগ্রাম এলাকার খালের ওপর নির্মাণাধীন একটি সেতুর ডাইভারশন সড়ক ভেঙে গেছে। এই কারণে মঙ্গলবার (২৮ মে) ভোর থেকে কসবা-আখাউড়া আঞ্চলিক সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। বিকল্প পথে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। তারা দ্রুত সময়ের মধ্যে সড়কটি সচল করার দাবি জানান।

দুর্ভোগের শিকার পথচারী হাসান মিয়া জানান, সড়কটি বিচ্ছিন্ন হওয়ার কারণে তিনি পরিবার নিয়ে দুর্ভোগে পড়েছেন। বিকল্প পথে হেঁটে যাচ্ছেন। সড়কটি দ্রুত মেরামত করার দাবি জানান তিনি।

সৌরভ নামে এক পথচারী বলেন, পাহাড়ি ঢলের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান উদাসীন ছিল। তাই সড়কটি ভেঙে গেছে। আমরা এখন কষ্ট করছি। যাদের গাফেলতি আছে তিনি তাদের আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সড়কটি দ্রুত মেরামতেরও দাবি জানান।

এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা এন্টারপ্রাইজের প্রতিনিধি ওমর ফারুক জানান, তারা নির্মাণাধীন সেতুটির ওপর দিয়ে দ্রুত যান চলাচলের লক্ষ্যে কাজ করছেন। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে সেতুটি সচলের আশ্বাস দেন।

এদিকে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেবগ্রাম এলাকায় নির্মাণাধীন একটি সেতুর ডাইভারশন ভেঙে ভোর থেকে কসবা-আখাউড়া আঞ্চলিক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। বিকল্প সড়কে যানবাহন চলাচল করছে। তারা এ বিষয়ে নিয়মিত খোঁজ রাখছেন।

তিনি আরও জানান, ডাইভারশন সড়কটি ভেঙে যাওয়ার পর সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে বিকল্প সড়কে চলাচল করার জন্য এক চিঠির মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি দ্রুত সময়ের মধ্যে সড়কটি সচলের উদ্যোগের কথাও বলা হয়েছে।