সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে বন্দর নগরী চট্টগ্রামে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হয়। এতে হামলার শিকার হন ৪৫ জন পুলিশ সদস্য। ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের ১৩টি গাড়িসহ চারটি মোটরসাইকেল। হামলা চালানো হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একাধিক স্থাপনায়। এতে ক্ষতি হয়েছে ৪৬ লাখ টাকা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি-পিআর) কাজী মো. তারেক আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আন্দোলনের নামে চলা সংঘর্ষে আহত হয়েছে সিএমপির ৪৫ জন পুলিশ সদস্য। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশের ১৩টি গাড়িসহ চারটি মোটরসাইকেল। এ ছাড়া চান্দগাঁও থানার মূল ফটক ভাঙচুর করা হয়। ক্ষতিগ্রস্ত হয় সিসিটিভি ক্যামেরা। এ ছাড়া বহদ্দারহাট পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। দুর্বৃত্তদের হামলায় চারটি সার্ভিস সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে সিএমপির ক্ষতি ৪৬ লাখ টাকা।’
তিনি আরও বলেন, ‘নগরীতে সংঘর্ষের ঘটনায় বুধবার (২৪ জুলাই) পর্যন্ত ১৬টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে পাঁচলাইশ থানায় ৬, কোতোয়ালী থানায় ৪, চান্দগাঁও থানায় ৪, বাকলিয়া থানায় ১ এবং খুলশী থানায় ১টি করে মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় ৩৭ হাজার। ইতোমধ্যে ৩৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে।’
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বহদ্দারহাট পুলিশ বক্সে হামলা, অগ্নিসংযোগ এবং চান্দগাঁও থানায় হামলার ঘটনাসহ এ থানায় মোট ৪টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে। হামলায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. সাইফুল ইসলাম বলেন, 'সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’
প্রসঙ্গত, গত মঙ্গলবার (১৬ জুলাই) চট্টগ্রাম নগরীর মুরাদপুর মোড়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তিন জন নিহতসহ শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটে। এরপর বৃহস্পতিবার (১৮ জুলাই) নগরীর বহদ্দারহাট এলাকায় আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দুজন নিহতসহ প্রায় শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটে। পরে বহদ্দারহাটে গুলিবিদ্ধ একজন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। চট্টগ্রামে সংঘর্ষে মোট ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে দুই শতাধিক।