রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুটি আবাসিক হলে ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষগুলোতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক রড, রাম দাসহ মদের বোতল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩) রাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে হল প্রশাসন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের যৌথ অভিযানে এসব অস্ত্র ও মদের বোতল উদ্ধার করা হয়।
সরেজমিনে দেখা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে এবং রাত ৯টায় মতিহার হলে অভিযান শুরু হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী কিছু সদস্য, মতিহার থানা পুলিশ, হল প্রাধ্যক্ষসহ আবাসিক শিক্ষকরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন। তারা ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষের তালাগুলো সবার সামনে ভেঙে ভেতরে প্রবেশ করে সবকিছু তল্লাশি করেন।
এ সময় তারা রড, রাম দা, ক্রিকেট স্ট্যাম্প, দেশি ও বিদেশি বিভিন্ন মদের বোতলসহ নানা ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেন। অভিযান শেষে কক্ষগুলোয় পুনরায় হল প্রশাসনের পক্ষ থেকে তালা লগিয়ে দেওয়া হয়।
অভিযানের বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মেহেদী সজীব বলেন, ‘আমরা আজ দুটি হলে আইনশৃঙ্খলা বাহিনী এবং হল প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়েছি। এই দুই হলের ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষগুলো থেকে রড, রাম দাসহ দেশীয় ও বিদেশি বিভিন্ন মদের বোতল উদ্ধার করেছি। অবৈধ অস্ত্র ও মদের বোতলগুলো আমরা হল প্রশাসনের হাতে তুলে দিয়েছি। তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমরা এভাবে প্রতিটি হলে অভিযান চালাবো।’
জানতে চাইলে সোহরাওয়ার্দী হল প্রাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তায় হলে অভিযান চালানো হয়েছে। এতে প্রায় ২০টি কক্ষে অস্ত্র পাওয়া গেছে। এসব কক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা দখলে নিয়ে অবস্থান করতো। বিভিন্ন সময় তাদের অপসারণের চেষ্টা করা হলেও দলীয় প্রভাব খাটিয়ে টিকে ছিল তারা। এসব কক্ষে থাকা সবার সিট বাতিল করা হবে।’
মতিহার হলের প্রাধ্যক্ষ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, হলে ছাত্রলীগের দখল করা বিভিন্ন কক্ষে অস্ত্র পাওয়া গেছে। কক্ষগুলো চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।