শিপ ইয়ার্ডে দগ্ধ ৮ জনকে পাঠানো হয়েছে ঢাকায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে এসএন করপোরেশন নামের শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণে আহত আট জনকে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় অ্যাম্বুলেন্সে করে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উদ্দেশে পাঠানো হয়। ঢাকায় পাঠানো আট জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

তারা হলেন- বরকত উল্লাহ (২৩), আনোয়ার হোসেন (৫০), আল আমিন  (৩৬), জাহাঙ্গীর (৪৮), হাবিব (৩৬), কাসেম (৩৯), খায়রুল  (২১) ও আহমেদ উল্লাহ (৩৮)। 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. রায়হানুল কাদের বাংলা ট্রিবিউনকে বলেন, সীতাকুণ্ডে আহত ১২ জনকে দুপুর ১টার দিকে চমেক হাসপাতালে আনার পর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করানো হয়। এর মধ্যে গুরুতর আহত আট জনকে ঢাকায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, চার জনকে চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এরকম একজন ২১ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। বাকিদের অবস্থা এত বেশি জটিল নয়। পুড়ে যাওয়া ছাড়াও চিকিৎসাধীন চার জনের কানে কম শোনাসহ নানান সমস্যা রয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের কুমিরা এলাকার এসএম করপোরেশন ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিপ ইয়ার্ডে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, ‘সীতাকুণ্ডের একটি শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন আহতকে হাসপাতালে আনা হয়েছে। তাদের ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।’