এশিয়ান পেইন্টসের কারখানায় আগুন, সোয়া ঘণ্টা পর নিয়ন্ত্রণে

চট্টগ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে এশিয়ান পেইন্টসের একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কারখানাটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন এশিয়ান পেইন্টসের এজিএম জাহেদ হাসান। তিনি বলেন, রবিবার সকালে কারখানার তৃতীয় তলায় আগুনের ঘটনা ঘটে। এতে কারখানার ভেতরে থাকা মেশিনারিজ ও ওপরের সিলিংয়ের আংশিক পুড়ে যায়। তবে কারখানার নিচ তলায় থাকায় কেমিক্যালগুলো আগুন লাগার সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলায় বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বেলা পৌনে ১২টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।’

তিনি আরও বলেন, ‘কীভাবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ কী, সেটি আমাদের একটি টিম পরিদর্শন করবে। তারপর বিস্তারিত জানানো হবে।’

মীরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলের শিল্পপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক শওকত হোসেন বলেন, ‘রবিবার সকালে এশিয়ান পেইন্টসের কারখানার ভেতরে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে চলে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।’

মীরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী বলেন, ‘রবিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে এশিয়ান পেইন্টস নামক একটি কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার খবর পেয়ে আমাদের ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করে। বেলা পৌনে ১২টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ধারণা করা হচ্ছে, কারখানাটির তৃতীয় তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’