‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানে রাঙামাটিতে মাসব্যাপী তারুণ্য উৎসবের উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৮ জানুয়ারি) সকালে জেলা প্রশাসন প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে জিমনেশিয়াম মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক প্রধান ফটকের সামনে বেলুন উড়িয়ে সংক্ষিত সমাবেশ করা হয়েছে।
সমাবেশে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা প্রমুখ।
সমাবেশে জেলা প্রশাসক বলেন, ‘তারুণ্যের শক্তি দেশ বদলাবে। তারুণ্যের গুরুত্বপূর্ণ সময়টা গড়ে তুলতে এ উৎসবের আয়োজন। তারুণ্যের শক্তি কাজে লাগিয়ে পরিবার, সমাজ, দেশকে গড়ে তুলতে হবে। সব স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীকে উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছি। এই উৎসব সব শিক্ষার্থীর জন্য।’
জেলা প্রশাসক আরও জানান, উৎসব ঘিরে চলতি মাসের ১৬ তারিখ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত শহীদ আব্দুর শুক্কুর মাঠে ১০ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে। সেখানে উদ্যোক্তা এবং উদ্ভাবনকারীরা অংশ নেবেন। মেলায় এ অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি তুলে ধরা হবে।