চট্টগ্রামে প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আতশবাজির আগুন থেকে প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে বলে জানিয়েছে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক (ভারপ্রাপ্ত) এম ডি আবদুল মালেক।
তিনি বলেন, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে। এর আগে সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ড মুন্সিপাড়া এলাকায় ৭ তলা ভবনে এ ঘটনা ঘটে। আগুনে ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে দুই কোটি দুই লাখ টাকার মালামাল।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার ইমরান শেখ বলেন, আগুনে প্লাস্টিক গোডাউনসহ মালামাল ও ৭ তলা ভবনের বসতঘরের ছয়টি কক্ষের মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হয়। শবে বরাতে আতশবাজি নিয়ে শিশুরা খেলতে গিয়ে এখানে আগুন লাগে। আগুনে সাত তলা ভবনের চারতলা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ফলের ক্যারেটের (ফল রাখার প্লাস্টিকের ঝুড়ি) রাখা ছিল।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পরই এলাকায় গুদামটির পাশে আতশবাজি নিয়ে খেলছিল কয়েকজন শিশু। এ সময় তাদের ছোড়া আতশবাজি প্লাস্টিকের গুদাম ঘরটিতে গিয়ে পড়ে। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুন প্রথমে ফলের ক্যারেটের (ফল রাখার প্লাস্টিকের ঝুড়ি) গুদামে লাগে। এরপর তা আশপাশের কয়েকটি বসতঘরে ছড়িয়ে পড়ে।