কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড ও র্যাবের পৃথক দুটি যৌথ অভিযানে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটকরা হলো- কক্সবাজার জেলার টেকনাফের বাসিন্দা শফি (১৮), শফিউল্লাহ (৪৬), বশির আহমেদ (৩৫), রফিক (২৪) এবং মঞ্জুর আলম (৩০)।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে পৃথক দুটি অভিযানে সাবরাং জিরো পয়েন্ট সমুদ্র এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ ৫ জনকে আটকসহ একই ইউনিয়নের খুড়ের মুখ এলাকায় বস্তাবন্দি আরও ২ লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার বি এন সিয়াম-উল হক।
এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সোমবার সাবরাং জিরো পয়েন্ট সমুদ্র এলাকা দিয়ে একটি ইয়াবার বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। ওই তথ্যের ভিত্তিতে রবিবার মধ্যরাত সাড়ে ১২টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও র্যাব-১৫ সিপিসি-১ কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সন্দেহজনক ইঞ্জিনচালিত একটি কাঠের বোট তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবাসহ ৫ জন মাদক কারবারিকে আটক করা হয়।
তিনি আরও বলেন, ‘অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৩ টার দিকে টেকনাফ থানাধীন সাবরাং খুড়ের মুখ এলাকায় কোস্টগার্ড ও র্যাবের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সন্দেহজনক একটি কাঠের বোট তল্লাশি করে অভিনব কায়দায় রশি দিয়ে বাঁধা অবস্থায় পানিতে অর্ধনিমজ্জিত একটি বস্তা হতে ২ লাখ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় বোটে অবস্থানরত মাদক কারবারিরা যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সাঁতার কেটে তীরে উঠে পালিয়ে যায়।’
জব্দকৃত সকল ইয়াবা ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।