চট্টগ্রামে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। রবিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চান্দগাঁও আবাসিক এলাকার বি ব্লক ১৪ নম্বর গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহত সালমা আক্তার (৩৮) ওই এলাকার জসিম উদ্দিনের স্ত্রী। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে নিহতের স্বামী জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে।

চান্দগাঁও থানার ওসি মোহাম্মদ নূর হোসেন মামুন বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। একপর্যায়ে স্বামী ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বাংলা ট্রিবিউনকে বলেন, রবিবার সকালে চান্দগাঁও ১৪ নম্বর গ্যারেজের সামনে এক নারীকে ছুরিকাঘাত করা হয়। প্রত্যক্ষদর্শীরা তাকে গুরুতর আহত অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।