চট্টগ্রামে নলকূপের ৩০ ফুট গর্তে পড়ে গেছে শিশু

চট্টগ্রামের রাউজান উপজেলায় নলকূপের ৩০ ফুট গর্তে পড়ে মেজবাহ উদ্দিন নামে চার বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকাল ৫টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের দক্ষিণ জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারে কাজ করছে রাউজান ফায়ার সার্ভিসের টিম। 

গভীর নলকূপ বসানোর জন্য করা গর্তে শিশুটি পড়ে গিয়ে নিখোঁজ হয় বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। তারা জানান, গর্তে পড়ে যাওয়া শিশুটি কদলপুর ইউনিয়নের জয়নগর ৯ নম্বর ওয়ার্ডের সাইফুল ইসলামের ছেলে।  

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকালে শিশুটি খেলা করার সময় বাড়ির পাশে গভীর নলকূপ বসানোর জন্য করা গর্তে পড়ে যায়। পড়ে যাওয়ার পর স্থানীয় লোকজন কান্নাকাটির শব্দ শোনেন।স্থানীয় ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে। তবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।’

রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সামশুল আলম বলেন, ‘নলকূপের গর্তের অন্তত ৩০ ফুট নিচে শিশুটি অবস্থান বলে ধারণা করছি। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।’