চট্টগ্রাম বন্দরে চলছে তৃতীয় দিনের কর্মবিরতি

নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওর্য়াল্ডকে’ ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের তৃতীয় দিনের কর্মবিরতির কর্মসূচি চলছে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল আটটা থেকে শুরু হওয়া কর্মবিরতির কারণে বন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ রয়েছে।

এতে বন্দর থেকে আমদানি পণ্যের ডেলিভারি, কনটেইনার হ্যান্ডলিং, বন্দরের ভেতরে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। তৈরি হয়েছে অচলাবস্থা। তবে বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস স্বাভাবিক রয়েছে।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন বাংলা ট্রিবিউনকে বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের কর্মসূচি চলছে। সিএমপির নিষেধাজ্ঞার কারণে বন্দর এলাকায় আমরা মিছিল সমাবেশ দিইনি।

এনসিটি’ আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওর্য়াল্ডকে’ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনি ও রবিবার দুই দিনে আট ঘণ্টা করে কর্মবিরতির ডাক দেয় বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। রবিবারের কর্মসূচি শেষে সোমবারেও আট ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

প্রথমদিনের কর্মবিরতির পর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আন্দোলনকারী চার জনকে তাৎক্ষণিক বদলি করে। একদিনে কর্মবিরতিতে রাজস্ব ক্ষতি নিরূপণ করতে ছয় সদস্যের একটি কমিটিও করে তারা। রবিবার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত আরও ১২ জনকে বদলি করা হয়েছে।