লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
শনিবার রাত ১২টার দিকে উপজেলার তোরাবগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। এ সময় বাজারের অন্য ব্যবসায়ীরা আগুন থেকে রক্ষা পেতে তাদের দোকানের মালামাল বের করে বাইরে রাখলে, অনেক পণ্য চুরি যাওয়ার অভিযোগ উঠেছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হল- হাজী হাসেম স্টোর, আমিন ভ্যারাইটিজ, বেবি শপ, মেঘনা শপিং কমপ্লেক্স, জনতা টেইলার্স অ্যান্ড ক্লথ স্টোর এবং দুটি স্বর্ণকারের দোকান।
ফলোয়ান ট্রেডার্সের মালিক আলাউদ্দিন বলেন, ‘বাজারে আগুন দেখে নিজের ওষুধ দোকানের মালামাল বের করলে অন্তত সাড়ে পাঁচ লাখ টাকার পণ্য চুরি হয়ে যায়।’
কমলনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাকিবুল আহসান বলেন, ‘খবর পেয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর মধ্যে ব্যবসায়ীদের কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।’