নোয়াখালী সদর উপজেলায় মাদক নিয়ে দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জেরে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিরব (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৯ মার্চ) সকালে আন্ডারচর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আর সন্ধ্যা পৌনে ৬টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিরবের মৃত্যু হয়।
নিহত নিরব আন্ডারচর ইউনিয়নের পূর্ব মাইজচরার ৪ নম্বর ওয়ার্ডের আব্দুল গণি মাঝির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদক সেবনকে কেন্দ্র করে নিরবের সঙ্গে একই এলাকার রুবেল মাঝির (২৯) বাগবিতণ্ডা হয়। আজ সকাল ১০টার দিকে নিরব একই এলাকার রাশেদ ও সোহাগ নামে দুই যুবককে নিয়ে রুবেল মাঝির ওপর হামলা চালান। এ সময়ে রুবেল মাঝিকে উদ্ধার করতে আসলে নিরব ও তার সঙ্গে থাকা অপর দু’জনের ছুরিকাঘাতে আবুল কালাম (৪০), খলিল (২৯) ও রাশেদ (২৩) নামে তিনজন আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করতে এসে নিরবকে আটক করে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় নিরবের সঙ্গে থাকা অপর দু’জন পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে আহত অবস্থায় নিরবকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুধারাম মডেল থানার ওসি তৌহিদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, “মাদক সেবনকে কেন্দ্র করে বাগবিতণ্ডা ও পরবর্তীতে হামলা-পাল্টা হামলার ঘটনায় নিরব নামে একজনকে আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তাৎক্ষণিক দু’জনকে আটক করে। অপর অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।”