চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। রবিবার (১২ এপ্রিল) সকাল ৮টা থেকে সোমবার (১৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত তারা ভর্তি হয়। তাদের বেশিরভাগই শিশু ও কিশোর।
বর্তমানে হামের উপসর্গ নিয়ে ৭৭ জন হাসপাতালে ভর্তি আছেন। সোমবার বিকালে জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে পরীক্ষায় আরও দুই জনের হাম শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এ নিয়ে চলতি ১ এপ্রিল থেকে মোট ৩৭ জনের শরীরে হাম শনাক্ত হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষার জন্য ৪৫ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজলস-রুবেলা ল্যাবরেটরিতে (এনপিএমএল) ল্যাবে পাঠানো হয়েছে। চট্টগ্রামে এ পর্যন্ত ৩৭৩ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে নগরের ২৫৮ ও জেলার ১১৫ জন।
ঢাকার এনপিএমএল থেকে প্রাপ্ত ল্যাব রিপোর্টে এখন পর্যন্ত চট্টগ্রামে ৩৭ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এই ৩৭ জনের মধ্যে ২৬ জন নগরের ও ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।