গাইবান্ধার সাঘাটা উপজেলায় মজলিসের খাবার খেয়ে ডায়রিয়ার উপসর্গ ও বমি উপসর্গ নিয়ে নারী, পুরুষ ও শিশুসহ দেড় শতাধিক মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। গত তিন দিনে তাদের মধ্যে ১০৫ জন সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ৩৯ জন। এ ছাড়া কয়েকজনকে গাইবান্ধা সদর হাসপাতাল ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ অনেকে স্থানীয়ভাবেও চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. শিহানুল ইসলাম জানান, গত তিন দিনে ডায়রিয়া ও বমির উপসর্গ নিয়ে ১০৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছেন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৩৯ জন হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসা নিয়ে সুস্থ হওয়ায় ৬৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ভর্তি রোগীদের কাউকেই অন্য হাসপাতালে রেফার্ড করা হয়নি।
হাসপাতালে ভর্তি রোগীরা জানান, মজলিসের খাবার খাওয়ার পর থেকেই তাদের পেটব্যথা, ডায়রিয়া ও বমি শুরু হয়। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে। চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তারা কিছুটা সুস্থ বোধ করছেন।
হাসপাতালে চিকিৎসাধীন খোদেজা বেগম বলেন, তাদের বাড়ির এক শিশুসহ তিনজন মজলিসের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরেকজন বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন।
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) সাঘাটা উপজেলার কালপানি নয়াপাড়া গ্রামে মৃত জাইদুল ইসলামের মজলিস উপলক্ষে খাবারের আয়োজন করা হয়। জাইদুল ইসলাম ওই এলাকার বাবলু ব্যাপারীর ছেলে এবং কলিম উদ্দীন ব্যাপারীর ভাতিজা। মজলিসে গ্রামের লোকজনসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ অংশ নিয়ে খাবার গ্রহণ করেন।
স্থানীয়দের ভাষ্য, মজলিসের খাবার খাওয়ার পর থেকেই অংশগ্রহণকারীদের অনেকের পেটব্যথা, ডায়রিয়ার উপসর্গ ও বমি দেখা দেয়। প্রথমে কয়েকজন অসুস্থ হলেও সময়ের সঙ্গে সঙ্গে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী বহু মানুষ অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতির অবনতি হলে স্বজনরা তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইলতুতমিস জানান, ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের নিয়মিত চিকিৎসা দেওয়া হচ্ছে। যেসব রোগীর শারীরিক জটিলতা দেখা দিচ্ছে, তাদের উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা ও বগুড়ার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
একটি মজলিসের খাবার খেয়ে একসঙ্গে এত মানুষের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় কালপানি নয়াপাড়া গ্রামসহ আশপাশের এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অসুস্থ স্বজনদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে ছুটছেন পরিবারের সদস্যরা। বিশেষ করে শিশু ও বয়স্কদের অসুস্থতা নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। তবে খাবার, পানি নাকি অন্যকোনও কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।