মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা তুলে নিলেন বাদী

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক, মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করা হয়েছে।

গত ২০ জুন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক ব্যক্তি বাদী হয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি করেছিলেন। ঘটনার ৫ দিনের মাথায় বৃহস্পতিবার (২৫ জুন) নিজেই মামলাটি প্রত্যাহার করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জালাল আহমেদের পক্ষে প্রত্যাহারের পিটিশন করেন আইনজীবী মো. জাফর আলী।

তিনি বলেন, বিষয়টি মীমাংসা হয়েছে, তাই তিনি মামলাটি প্রত্যাহার চান মর্মে জানালে আমরা সেটি কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলি আদালতে দরখাস্ত করি। 

তবে এই বিষয়ে জানতে বাদী জালাল আহমেদের মোবাইল নম্বরে কল দিলে সেটি বন্ধ পাওয়া যায়। 

এর আগে থানায় করা এজাহারে উল্লেখ করা হয়, মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করেছেন।