এক মাস পর দেশে ফিরে বিয়ের কথা ছিল। এজন্য পরিবারের সদস্যরা পাত্রীও দেখছিলেন। কিন্তু সেই অপেক্ষা এখন পরিণত হয়েছে গভীর শোকে। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় হানিফ মিয়া (২৫) নামে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এক প্রবাসী যুবক নিহত হয়েছেন।
গত শুক্রবার রাত বাংলাদেশ সময় ২টার দিকে মক্কা নগরীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হানিফ মিয়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মাঝিগাছা গ্রামের হিরণ মিয়ার ছেলে।
পরিবারের সদস্যরা জানান, পরিবারে সচ্ছলতা ফেরাতে প্রায় ৬ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান হানিফ মিয়া। সেখানে মক্কার একটি হাসপাতালে ক্লিনারের কাজ করতেন। কয়েকদিন আগে দাদি মারা যাওয়ায় তার নামে ওমরাহ করতে যান। ওমরাহ শেষে বাংলাদেশি সহকর্মীকে নিয়ে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।
হানিফের চাচা বেলাল হোসেন দীলিপ বলেন, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এরপর সবাই গাড়ি থেকে নেমে সরে দাঁড়ালে পেছন দিক থেকে আসা আরেকটি গাড়ি তাদের দিকে আসে। তিন জন সড়কের আইল্যান্ডে উঠে প্রাণে বাঁচলেও হানিফ ঘটনাস্থলেই মারা যান।
তিনি বলেন, দুর্ঘটনার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই আমরা মৃত্যুর খবর পাই। এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
বেলাল হোসেন জানান, দুই ভাই ও চার বোনের মধ্যে হানিফ ছিলেন বড়। এক মাস পর দেশে ফিরে বিয়ের কথা ছিল। এজন্য পরিবারের সদস্যরা পাত্রীও দেখছিলেন। কিন্তু তা এখন পরিণত হয়েছে গভীর শোকে।
স্বজনরা জানান, তার কর্মস্থলের সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এখন সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ সবার সহযোগিতায় দ্রুত তার লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।