বান্দরবানের পর এবার রাঙামাটির পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতেও পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে পাঠানো এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাস এবং সাম্প্রতিক সময়ে রাঙামাটি পার্বত্য জেলায় অব্যাহত ভারী বর্ষণের কারণে বিভিন্ন স্থানে ভূমিধস ও পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। বিদ্যমান আবহাওয়ায় সম্ভাব্য ঝুঁকি বিবেচনা করে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো।
নিষেধাজ্ঞা চলাকালীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ ছাড়া পাহাড়ধসের ঝুঁকি থাকায় এই জেলায় চলাচলের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
এর আগে টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে পড়েছে জনজীবন। জেলাটিতে প্রবল স্রোতে ভেসে এক শিশুর মৃত্যু হয়েছে। থানচির দুর্গম নাফাখুম ও আমিয়াখুম জলপ্রপাতে আটকে থাকা ৯০ জন নিরাপদে থানচিতে ফিরেছেন। পরিস্থিতি বিবেচনায় আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।