এবার এনসিপির সেই নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার

বিয়ের কথা বলে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার নেতা আফতাব মজুমদার জয়কে (২৮) গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই নেতাকে এবার দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) চট্টগ্রাম মহানগর এনসিপির দফতর সম্পাদক রিদুয়ান হৃদয় স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কার আদেশে বলা হয়েছে, দলের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আফতাব মজুমদারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দলের গঠনতন্ত্র ও সাংগঠনিক বিধান অনুযায়ী মহানগর কমিটির জরুরি সিদ্ধান্তের ভিত্তিতে তাকে মহানগর কমিটির সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো। বহিষ্কারের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন এনসিপির চট্টগ্রামের দফতর সম্পাদক রিদুয়ান হৃদয়। 

এর আগে বুধবার (২২ জুলাই) রাতে মহানগরীর হালিশহর বিডিআর মাঠ এলাকা থেকে পুলিশ ও র‍্যাব-৭ যৌথ অভিযান চালিয়ে আফতাব মজুমদারকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির পাঁচলাইশ জোনের সহকারী পুলিশ কমিশনার কাজী বিধান আবিদ। 

আফতাব মজুমদার জয় জাতীয় যুবশক্তির চট্টগ্রাম মহানগরের বন্দর এলাকার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির একজন কার্যকরী সদস্য। তার বিরুদ্ধে ১৯ বছর বয়সী এক বেসরকারি কলেজের ছাত্রী ধর্ষণের লিখিত অভিযোগ এনে মামলা দায়ের করেন।

মামলার বিবরণ ও এজাহার সূত্রে জানা যায়, কয়েক মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই কলেজছাত্রীর সঙ্গে আফতাবের পরিচয় হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় বিয়ের আশ্বাস দিয়ে গত ১৪ জুলাই আফতাব ওই তরুণীকে নগরীর বহদ্দারহাট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন। ওই ঘটনার পর আফতাব ওই তরুণীর সঙ্গে যাবতীয় যোগাযোগ বন্ধ করে দেন এবং স্থান পরিবর্তন করে আত্মগোপনে চলে যান। পরে বাধ্য হয়ে ভুক্তভোগী তরুণী গত ১৯ জুলাই চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় আফতাব মজুমদারকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।