বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে অস্ত্র ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, হাতেনাতে ধরলো পুলিশ

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে একটি বাসায় ঢুকে প্রবাসীর স্ত্রীকে পিস্তল ঠেকিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও খালি স্ট্যাম্পে জোর করে সই নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আনোয়ার হোসেন ওরফে টিটু (৩১) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচটি গুলি, ৪০টি ইয়াবা, ২৭ হাজার টাকা ও দুটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকালে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হক ম্যানশনের চারতলায় এ ঘটনা ঘটে। গ্রেফতার আনোয়ার হোসেন বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের জাহানাবাদ গ্রামের নুর আলমের ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্ত্র, বিস্ফোরক ও মাদক আইনে সাতটি মামলা রয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকাল পৌনে ৫টার দিকে হক ম্যানশনের চারতলার ভাড়াটে নাঈমা আক্তারের (১৮) বাসায় তিন জন অস্ত্রধারী ঢোকে। তারা পরিবারের সদস্যদের পিস্তল ঠেকিয়ে হত্যার ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে ভয়ভীতি দেখিয়ে খালি স্ট্যাম্পে জোর করে সই নেওয়া হয়। এ সময় বাসা থেকে ২৭ হাজার টাকা নিয়ে যাওয়া হয়।

এ সময় পরিবারের এক সদস্য মোবাইলে বিষয়টি সুধারাম মডেল থানায় জানান। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবর ও সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ভবনটি ঘেরাও করেন।

পুলিশ জানায়, সিঁড়ি দিয়ে নিচে নেমে পালানোর সময় আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পাঁচটি গুলিসহ একটি বিদেশি পিস্তল, ৪০টি ইয়াবা ও ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে তার সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি পালিয়ে যায়। পরে ভবনের নিচে তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে গ্রেফতার আনোয়ার হোসেনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা করা হয়েছে। পালিয়ে যাওয়া অপর দুই ব্যক্তিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’