মৎস্য ও প্রাণিসম্পদ, খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ বলেছেন, ‘দেশে সারের কোনও সংকট নেই। মূলত সার থাকার কথা ডিলারের কাছে; কিন্তু সার পাওয়া যাচ্ছে ডিলার নয় এমন লোকদের কাছে। এই দুষ্টু লোকদের কারণে সমাজ, কৃষক ও জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশে সারের কোনও সংকট নেই, তাই কৃষকদের উদ্বিগ্ন হওয়ার কারণও নেই।’
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, ‘মন্ত্রণালয়ের পক্ষ থেকে নজরদারির জন্য বেশ কয়েকটি টিম করা হয়েছে। খুব দ্রুত এই দুষ্টু লোকের চক্রটি তাদের দুষ্টুমিতে ব্যর্থ হবে।’
আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলগাজী সফর করার কথা রয়েছে। এ সফর সামনে রেখে প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শনে মন্ত্রী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে এসেছিলেন।
আমিন উর রশীদ বলেন, ‘সারা দেশে ২ কোটি কৃষক কৃষি কার্ডের আওতায় আসবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সব কৃষক কৃষি কার্ড বুঝে পাবে। প্রান্তিক কৃষক, ক্ষুদ্র কৃষক, ভূমিহীন কৃষক, মাঝারি কৃষক, বড় কৃষক সকলেই কার্ডের আওতায় আসবে। সরকার ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করেছে। কৃষকের অর্থনৈতিক শক্তিশালী হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাউছার হামিদ, সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নোশীন প্রত্যাশা প্রমুখ।