বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বলীপাড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় স্থানীয় খবর দিলে ফায়ার সার্ভিস এসে পুলিশ, বিজিবি ও স্থানীয়রা মিলে যৌথভাবে চেষ্টা চালিয়ে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, অগ্নিকাণ্ডে ১৩টি দোকানের মালামালসহ আনুমানিক এক কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নিহার বিন্দু চাকমা বলেন, ১৩টি দোকানের কেউই রাতে দোকানে ছিলেন না। এ সময় দোকানে চালু রাখা ফ্রিজে ত্রুটি বা বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
থানচি ফায়ার সার্ভিস স্টেশনের মাস্টার রহিদুল ইসলাম মৃধা বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।