কুমিল্লায় কিশোর গ্যাং নেতাসহ একরাতে আটক ৩৬৩

কুমিল্লার আলোচিত কিশোর গ্যাং নেতা ইমরান হোসেন ওরফে রতনসহ (২৫) এক রাতে ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। মহানগরীসহ জেলার ১৮টি থানায় পুলিশের বিভিন্ন ইউনিট ও গোয়েন্দা শাখা (ডিবি) একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করে।

শনিবার (৩ অক্টোবর) সকালে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া বিভাগের মুখপাত্র মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে কুমিল্লা মহানগরীসহ জেলার ১৮টি থানায় তিন দফা অভিযান চালিয়ে ১৬৭৩ জনকে আটক করেছে পুলিশ।

রতন কুমিল্লা নগরীর ছোটরা এলাকার মফিজাবাদ কলোনির আবুল কাশেমের ছেলে। তিনি মহানগরীর অন্যতম শীর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ বা ‘আর স্কোয়াড’র প্রধান।

অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, ‘শুক্রবার (২ অক্টোবর) মাগরিবের পর থেকে গভীর রাত পর্যন্ত কিশোর গ্যাং সন্দেহে জেলার বিভিন্ন থানায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কুমিল্লা মহানগরীর বিভিন্ন স্থানে এবং প্রত্যেকটি থানা এলাকার বিভিন্ন স্থানে, যেখানে কিশোর বয়সী বখাটেদের উৎপাত রয়েছে সেসব স্থানে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে রতনসহ মোট ৩৬৩ জনকে আটক করা হয়েছে। তাদের অপরাধের সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও জানান, উঠতি বয়সী কিশোররা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে না পারে সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনও নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়, এ বিষয়ে কঠোর মনিটরিং করা হচ্ছে। এই অভিযানে পুলিশ সুপারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশগ্রহণ করেছেন। এখনও অভিযান চলছে। অভিযান শেষ হলে বিস্তারিত পরে জানানো হবে।