হাসপাতাল থেকে ফিরেই সিন্ডিকেট সভা ডাকলেন চুয়েট উপাচার্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম হাসপাতালে চিকিৎসা শেষে সার্কিট হাউসে ফিরেই সিন্ডিকেট সভা ডেকেছেন। আজ শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ছয়টায় ভার্চ্যুয়ালি এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা শেষে সার্কিট হাউসে ফেরেন উপাচার্য। এর আগে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে তাকে উদ্ধার করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপার। প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো।

চুয়েটের সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক রাশিদুল হাসান বলেন, উপাচার্য আজ সন্ধ্যা ৬টায় সিন্ডিকেট সভা ডেকেছেন। ভার্চ্যুয়ালি এই সভা হবে। আমি ছুটিতে আছি। যোগ দিতে পারবো কি না নিশ্চিত নই।

সিন্ডিকেটের আরেক সদস্য ও ইলেকট্রিক্যাল ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন বলেন, উনি মেসেজ পাঠিয়েছেন। মেসেজ পাঠিয়ে সিন্ডিকেট সভা আহ্বান করা যায় কি না বা এটা নিয়মের মধ্যে কি না তা জানি না। সাধারণত রেজিস্ট্রারের মাধ্যমে সভার চিঠি আসে।

সিন্ডিকেট সভা আহ্বানের বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। তাকে মুঠোফোনে বার্তা পাঠিয়েও উত্তর পাওয়া যায়নি।

গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা উপাচার্য ভবনে তালা লাগিয়ে দেন। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি শুরু করেন। এতে ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।

আন্দোলনের মধ্যে গত সোমবার সকাল নয়টার দিকে ক্যাম্পাসে প্রবেশ করেন উপাচার্য শেখ শরীফুল আলম। ছাত্রদলের নেতাদের সঙ্গে নিয়ে উপাচার্য ভবনের তালা ভেঙে নিজ দফতরে প্রবেশ করেন তিনি। বিষয়টি জানার পর সকাল সাড়ে নয়টা থেকে ভবনের সামনে অবস্থান নিতে শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ওই দিন দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে কার্যালয় ছাড়ার আলটিমেটাম দেন তারা। পরে দুপুর ১২টার পর ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। একই সঙ্গে ভবনের বিদ্যুৎ-সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

এতে উপাচার্যসহ ভবনের ভেতরে ১১ জন আটকা পড়েন। পরদিন উপাচার্য অসুস্থ বোধ করছেন বলে জানান। তাকে পরীক্ষা করতে দুই চিকিৎসক সেখানে যান। প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মঙ্গলবার সন্ধ্যায় উপাচার্যসহ ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করা হয়। পরে উপাচার্যকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।