হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক

লক্ষ্মীপুরের রায়পুরে আত্মীয়ের বাসায় বেড়াতে আসা প্রবাসী দম্পতিকে জিম্মি করে এলোপাতাড়ি মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রায়পুর বাজারের দেনায়েতপুর এলাকা থেকে কৃষকদল নেতা রিয়াদ হাসান বয়াতিকে আটক করেছে পুলিশ।

আটক রিয়াদ রায়পুর পৌর কৃষক দলের সভাপতি প্রার্থী এবং রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। তার নেতৃত্বে প্রবাসী ও তার স্ত্রীকে জিম্মি করে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ জানায়, গত শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে রায়পুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জ সড়কের ফারুক আহম্মেদের ভবনের নিচতলায় প্রবাসী সবুজ ও তার স্ত্রীকে জিম্মি করে মারধর করা হয়। পরদিন সবুজ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় ছয়জনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনাস্থলে প্রবাসী সবুজের স্ত্রী মিলি আক্তারের বান্ধবী সাথী আক্তার ভাড়া থাকেন। ঘটনার দিন সাথীর মেয়ের জন্মদিন ছিল। এতে সাথী তার বান্ধবী মিলিদের দাওয়া দেন। দাওয়াত পেয়ে ওই বাসায় যান তারা। এর মধ্যে হঠাৎ অভিযুক্তরা বাসায় ঢুকে মিলির সঙ্গে খারাপ আচরণ করেন। পরে সাথীর প্রায় এক ভরি দুই আনা স্বর্ণালংকার লুট করেন।

মিলি তাদের বাধা দিলে তাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়। পরে জিম্মি করে ২৫ হাজার টাকাসহ ব্যাংকের কার্ড নিয়ে নেন অভিযুক্তরা। পরে বাদী ও তার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে এক কক্ষে নিয়ে ভিডিও ধারণ করা হয়। এ সময় বাদী তাদের বিয়ের ছবি দেখালে হুমকি-ধমকি দিয়ে চলে যান তারা।

তবে এ বিষয়ে পুলিশ হেফাজতে থাকা রিয়াদ কথা বলতে রাজি হননি। অন্য আসামিরাও পলাতক রয়েছেন। অভিযুক্তদের অভিভাবকরা কিছুই জানেন না বলে জানান।

এ বিষয়ে বুধবার রাত ৯টায় মামলার তদন্তকারী কর্মকর্তা রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, রিয়াদ নামের একজনকে শহর থেকে আটক করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত। তাকে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হবে। অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।