ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলার ৪টি ইউনিয়ন ভেঙে ‘বরিশল’ নামে নতুন উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে চট্টগ্রাম-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন রামরাইল ইউনিয়নের বাসিন্দারা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল বাজারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ কর্মসূচি চলাকালে রামরাইল ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ব্যানার ফেস্টুন নিয়ে কয়েকশ গ্রামবাসী রামরাইল বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। পরে তারা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার, রামরাইল, সুলতানপুর, বাসুদেব ও বিজয়নগর উপজেলার সিংঙ্গারবিলকে ভেঙে ‘বরিশল’ নামে নতুন একটি উপজেলা গঠনের পরিকল্পনা গ্রহণ করেছেন জেলা বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া। বক্তারা এই পরিকল্পনা ও ষড়যন্ত্রের জন্য জেলা বিএনপি নেতা ও ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান কবীর আহমেদ ভূঁইয়াকে দায়ী করেন।

মানববন্ধনে রামরাইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান সোহাগ বলেন, বাসুদেব, রামরাইল, সিঙ্গারেবিল, রামরাইল ইউনিয়নকে নিয়ে একটা ষড়যন্ত্র চলছে। আমরা এই ষড়যন্ত্রের মোকাবিলা করতে চাই। আমরা মনে করি, ব্রাহ্মণবাড়িয়ার প্রাণকেন্দ্র হলো রামরাইল ইউনিয়ন। আমি কবীর আহমেদ ভূঁইয়াকে স্পষ্ট বার্তা দিতে চাই, আপনি আপনার ইউনিয়নসহ ৫ ইউনিয়নকে নিয়ে যে ষড়যন্ত্র নেমেছেন, আপনার ষড়যন্ত্র সফল হবে না। আমরা রামরাইল ইউনিয়ন ও সুলতানপুর ও বাসুদেব, সর্বস্তরের জনগণ আজকে মাঠে নেমেছি। আমাদের দাবি একটাই, সুলতানপুর, বাসুদেব, সিঙ্গারবিলবাসী কখনও এই বরিশল উপজেলা হতে পারে না, পারবে না।

তরুণ আইনজীবী মুকুল চৌধুরী বলেন, তিনটা উপজেলা থেকে পাঁচটা ইউনিয়ন নিয়ে নতুন যে উপজেলা করতে চাচ্ছে, এর প্রতিবাদে আমরা আজকে রামরাইল বাজার বাসস্ট্যান্ডে মানববন্ধন করছি। এ কর্মসূচি চলবে। যতক্ষণ পর্যন্ত উপজেলা গঠন থেকে সরে না আসবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের মানববন্ধন চলবে। আমরা চার ইউনিয়নবাসী যেকোনও মূল্যে আমরা তা প্রতিহত করবো।

মানববন্ধনে লিখিত বক্তব্যে ইমন হাজারী বলেন, রামরাইল, সুলতানপুরকে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে অন্য কোনও থানার অধীনে নেওয়ার প্রস্তাব আমরা মেনে নেবো না। ব্রাহ্মণবাড়িয়া সদর আমাদের পরিচয়, আমাদের গর্ব, আমাদের অহংকার। এই এলাকার মানুষের মতামত ও স্বার্থকে উপেক্ষা করে কোনও সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে আমরা তার প্রতিবাদ জানাবো।