সাজেকে সপ্তম দিনে অবরোধ, খাদ্য ও ওষুধের সংকটে স্থানীয়রা

রাঙামাটি প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২৬, ২২:৩০ আপডেট : ২৮ অক্টোবর ২০২৬, ২২:৩০

পাঁচ দফা দাবিতে টানা সপ্তম দিনের মতো সড়ক অবরোধ চলায় রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অচল হয়ে পড়েছে পর্যটন ও যোগাযোগব্যবস্থা। পর্যটক না থাকায় বন্ধ হয়ে গেছে ব্যবসায়ীদের আয়-রোজগার। অন্যদিকে, যানবাহন চলাচল বন্ধ থাকায় নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও জরুরি ওষুধের সরবরাহ ব্যাহত হচ্ছে। এতে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্ট শ্রমজীবী মানুষের দুর্ভোগ বাড়ছে।

সাজেক রাঙামাটি জেলার অন্তর্ভুক্ত হলেও পর্যটনকেন্দ্রটির পরিবহন, আবাসন, খাবার ও বিপণন ব্যবসার সঙ্গে খাগড়াছড়ির বহু মানুষ যুক্ত। ফলে সাজেকের অচলাবস্থার প্রভাব পড়েছে খাগড়াছড়ির ব্যবসায়ী ও পরিবহনসংশ্লিষ্টদের ওপরও।

খাগড়াছড়ি পার্বত্য যানবাহন সমিতির নেতা আয়ুস কান্তি চাকমা বলেন, সাজেক-দীঘিনালা-খাগড়াছড়ি সড়কে চলাচলকারী প্রায় সব যানবাহনই এখন অচল। এতে শত শত গাড়ির মালিক, চালক ও শ্রমিক বেকার হয়ে পড়েছেন। তাদের পরিবারও কষ্টে রয়েছে। সাজেকের বাসিন্দারাও দুর্ভোগে আছেন। মানবিক বিবেচনায় অবরোধ কর্মসূচি শিথিল বা স্থগিত করা উচিত।

একসময় পর্যটকদের পদচারণে মুখর থাকা সাজেকের রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ ও দোকানপাট এখন অনেকটাই নিস্তব্ধ। পর্যটকদের যাতায়াত বন্ধ থাকায় পর্যটননির্ভর ব্যবসায়ীদের আয় থেমে গেছে। তবে দোকানভাড়া, কর্মচারীদের বেতন ও পরিবারের দৈনন্দিন খরচ বহনের চাপ রয়েই গেছে। দীর্ঘস্থায়ী অবরোধে ব্যবসা টিকিয়ে রাখা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের খাদ্য ও চিকিৎসাসেবা নিয়েও উদ্বেগ বাড়ছে। সড়কে যান চলাচল বন্ধ থাকায় চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যপণ্য এবং জরুরি ওষুধের সরবরাহ ব্যাহত হচ্ছে। এ অবস্থা দীর্ঘায়িত হলে সংকট আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় লোকজন।

সাজেকের বাসিন্দা মিন্টি মালা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হলে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও চিকিৎসাসামগ্রী সরবরাহের বিকল্প ব্যবস্থা সীমিত হয়ে পড়ে। অবরোধ দীর্ঘায়িত হলে স্থানীয়দের দুর্ভোগ আরও বাড়বে। বিশেষ করে জরুরি চিকিৎসার প্রয়োজন হলে ওষুধ সংগ্রহ ও রোগী পরিবহন কঠিন হয়ে উঠতে পারে।

সাজেকের চলমান সংকট নিরসনে গত ২৬ অক্টোবর বাঘাইহাটের উজো বাজারে খাগড়াছড়ি ও রাঙামাটির সংসদ সদস্য, দুই জেলার জেলা প্রশাসক এবং অবরোধকারীদের প্রতিনিধিদের মধ্যে প্রায় দেড় ঘণ্টা মতবিনিময় সভা হয়। তবে পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা হলেও কোনও সমঝোতা হয়নি। ফলে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্তও আসেনি।

কটেজ মালিক যুবরাজ মিয়া জানান, খাগড়াছড়ি ও রাঙামাটির সংসদ সদস্যরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পরিবেশ তৈরি করেছেন। তবে এখনও সংকটের সমাধান হয়নি।

আন্দোলনকারীদের নেতা বাবুধন চাকমা বলেন, মানুষের জীবনের নিরাপত্তা যেখানে হুমকির মুখে, সেখানে বিনোদনকেন্দ্র চালু রেখে কী হবে? পর্যটনকেন্দ্র গড়ে ওঠার পর থেকে স্থানীয় পাহাড়িরা ভূমি হারিয়েছেন। ভিটেমাটি হারিয়ে অনেকে এখন অন্যের প্রতিষ্ঠানে চাকরি করছেন। প্রশাসন চাইলে এক ঘণ্টার মধ্যেই সন্ত্রাসীদের সরিয়ে দিতে পারে। তা করা হলে সাজেকবাসী অবরোধ তুলে নেবে।

সাজেকের অচলাবস্থায় একদিকে পর্যটন ও পরিবহন খাতের মানুষের আয় বন্ধ হয়ে গেছে, অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের খাদ্য ও চিকিৎসাসামগ্রী পাওয়া নিয়ে উদ্বেগ বাড়ছে। দ্রুত সংকট নিরসন করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করার পাশাপাশি প্রয়োজনীয় পণ্য ও ওষুধের সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন।

/এএম/ 
সম্পর্কিত
৩ ঘণ্টা পর পোশাক শ্রমিকদের অবরোধ প্রত্যাহার
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
সাজেকের অচলাবস্থা কাটাতে বাঘাইহাটে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা ও স্ত্রীর ব্যাংক হিসাব তলব
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
এক এলাকায় একইদিনে দুইবার উচ্ছেদ অভিযান চালালো ডিএনসিসি
হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
হজ ক্যাম্পে টিকিট বিক্রির কাউন্টার পুনরায় চালু
আইইডিসিআর-এর পরিচালকের ওপর হামলা: তিন সদস্যের কমিটি  
আইইডিসিআর-এর পরিচালকের ওপর হামলা: তিন সদস্যের কমিটি  
সর্বাধিক পঠিত
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
নভেম্বর থেকে কর্মী যাবে মালয়েশিয়ায়, খরচ জানালেন প্রতিমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
কে হচ্ছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
ইউরোপের ট্রেনের সঙ্গে বন্দে ভারতের তুলনা করে যা জানালেন পোল্যান্ডের পর্যটক
এখন কী করবেন নেতানিয়াহু
এখন কী করবেন নেতানিয়াহু
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল
নেশার কারণে গান ছাড়িনি: আনুশেহ আনাদিল