মিয়ানমারের পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ দুটি ড্রাম ট্রাক উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এসময় জিজ্ঞাসাবাদের জন্য ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) ভোরে উপজেলার জোরারগঞ্জ থানাধীন মুহুরী প্রজেক্ট ৪০ নাম্বার গেইট এলাকা অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়। একইদিন বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানা পুলিশ উপজেলার ইছাখালী ইউনিয়নের সাগরপাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয় এবং ভোর সাড়ে ৪টার দিকে মুহুরী প্রজেক্ট ৪০ নম্বর গেইট এলাকা অভিযান চালিয়ে দুটি ড্রাম ট্রাক ঢাকা মেট্রো-ট-২২-৬৬০৯ ও ঢাকা মেট্রো-ট ১৬-৩৫৬২ আটক করা হয়েছে। পরবর্তীতে দুটি ট্রাকে তল্লাশী চালিয়ে ৩০১ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা। গ্রেফতারকৃতদের তথ্যমতে ঘটনার সঙ্গে জড়িত আরও ৪ জনকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, ‘উপজেলার ওচমানপুর ইউনিয়নের মুহুরী প্রজেক্ট এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের সময় ৩০১ বস্তা ইউরিয়া সারসহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত সারের আনুমানিক বাজার মূল্য ৩ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা। সার পাচারের সঙ্গে কারা জড়িত রয়েছে এবিষয়ে গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’