এক দিনের সর্বাত্মক একাডেমিক শাটডাউন শেষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আবারও শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। আন্দোলন ও ক্লাস বর্জনের কর্মসূচি শেষে মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে শ্রেণিকক্ষে ফিরেছেন শিক্ষার্থীরা।
এর আগে গত সোমবার উপাচার্যের অনুপস্থিতিতে অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়ার প্রতিবাদে এক দিনের সর্বাত্মক একাডেমিক শাটডাউন পালন করেন শিক্ষার্থীরা। এ কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও নিয়মিত একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ইউজিসির একটি সভায় অংশ নিতে ঢাকায় যান। তার অনুপস্থিতিতে অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেনকে রুটিন দায়িত্ব দেওয়া হয়। এর প্রতিবাদে রবিবার বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে রাতে এক দিনের শাটডাউনের ঘোষণা দিয়ে সোমবার দিনব্যাপী কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষার্থী প্রতিনিধি আজিম উদ্দিন বলেন, মঙ্গলবার থেকে শিক্ষার্থীরা আবার ক্লাসে ফিরেছেন। তবে নিয়মের ব্যত্যয় ঘটলে তারা আবারও কর্মসূচি পালন করবেন।
এদিকে দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন আন্দোলন ও সাময়িক অচলাবস্থার কারণে চুয়েটের শিক্ষা কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মইনুল ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিভাগের প্রায় ৪০টি পরীক্ষা স্থগিত হয়েছে। শিক্ষার্থীরা ক্লাসে ফেরায় স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি দ্রুত পুনর্বিন্যাস করে শিক্ষার ক্ষতি পুষিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে চুয়েটের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা পূর্ণাঙ্গ শাটডাউন ও অসহযোগ কর্মসূচি পালন শুরু করেন।