খাগড়াছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খাগড়াছড়িতে শোভাযাত্রা করেছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো। এ ছাড়া দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শহরের ভাঙা ব্রিজ এলাকা থেকে বিএনপির শোভাযাত্রাটি বের হয়। শহরের শাপলা চত্বর ঘুরে খাদ্যগুদামসংলগ্ন শহীদ জিয়ার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অন্যদিকে, দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে খাগড়াছড়ি টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আনোয়ার সাদাতের সভাপতিত্বে সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়।