সেনাসদস্য তিতাস হত্যার ৪ দিন পর মামলা, প্রধানসহ অধিকাংশ আসামি রোহিঙ্গা

কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের সময় মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য তিতাস শেখ নিহতের ঘটনার চার দিন পর মামলা করা হয়েছে। মামলায় ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৭ জনকে আসামি করা হয়। এ ঘটনায় এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে রয়েছেন মামলার প্রধান আসামিও।

সোমবার (০৯ নভেম্বর) বিকালে গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘সোমবার ভোরে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। এতে ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদকে প্রধান আসামি করা হয়েছে। মামলার অধিকাংশ আসামি রোহিঙ্গা নাগরিক হলেও কয়েকজন বাংলাদেশিও রয়েছেন।’

ওসি বলেন, ‘ঘটনার দিন যৌথ বাহিনীর অভিযানের সময় পালানোর চেষ্টা করলে প্রধান আসামি মোহাম্মদকে আটক করা হয়। হত্যা, মানব পাচার ও অস্ত্র আইনে পৃথক তিনটি অভিযোগে মামলাটি হয়েছে। পুলিশ মামলাটি নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। পাশাপাশি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের সময় মানব পাচারকারীদের সঙ্গে গোলাগুলি হয়। একপর্যায়ে সেনাসদস্য তিতাস শেখ (২৭) বাঁ কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে পালানোর সময় চার মানব পাচারকারীকে আটক করা হয়। একই সঙ্গে আস্তানায় জিম্মি করে রাখা ৫৬ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। পরদিন যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আরও দুজনকে গ্রেফতার করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিতাস শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন তিতাস শেখ। তিনি সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার বড়। তিতাসের বাবা আফজাল শেখ অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং ছোট ভাই আকাশ হোসেনও বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন।