সেনাসদস্য হত্যা: প্রধান আসামি কে এই মোহাম্মদ? ঘর ছাড়া স্ত্রী-সন্তানও

কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের সময় মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য তিতাস শেখ নিহতের ঘটনার চার দিন পর মামলা করা হয়েছে। মামলায় রোহিঙ্গা নাগরিক মোহাম্মদকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া আরও ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৭ জনকে আসামি করা হয়। এ ঘটনায় এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে রয়েছেন মামলার প্রধান আসামি মোহাম্মদও।

কে এই মোহাম্মদ

টেকনাফের শালবাগান এলাকায় অবস্থিত ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে থাকতেন মোহাম্মদ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, একসময় দিনমজুরি করলেও রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে বড় ভাই নিহত হওয়ার পর জড়িয়ে পড়েন টেকনাফের পাহাড়কেন্দ্রিক অপরাধজগতে। যোগ দেন সশস্ত্র মানব পাচারকারী সাদ্দাম গ্রুপে। এরপর হত্যা, অপহরণ ও মানব পাচারসহ নানা অপরাধে তার নাম আসতে থাকে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে যৌথ বাহিনীর অভিযানের সময় মানব পাচারকারীদের সঙ্গে গোলাগুলি হয়। একপর্যায়ে সেনাসদস্য তিতাস শেখ (২৭) বাঁ কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে পালানোর সময় চার মানব পাচারকারীকে আটক করা হয়। একই সঙ্গে আস্তানায় জিম্মি করে রাখা ৫৬ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। পরদিন যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আরও দুজনকে আটক করা হয়। আটকদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়। এর মধ্যে আটক মোহাম্মদকে সেনাসদস্য তিতাস হত্যা মামলায় প্রধান আসামি করা হয়।

যেভাবে অপরাধ জগতে মোহাম্মদ

স্থানীয় একাধিক রোহিঙ্গা ও ক্যাম্পের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুর রইঙ্গাডং এলাকা থেকে ২০১২ সালের জুনে এক ছেলেসন্তানকে সঙ্গে নিয়ে বাংলাদেশে আসেন মোহাম্মদ ও তার পরিবার। প্রথমে কক্সবাজারের কলাতলী এলাকার বাছামিয়া ঘরে আশ্রয় নেন তারা। সেখানে দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন। প্রায় এক বছর পর তারা টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নেন। ২০১৭ সালে নতুন করে রোহিঙ্গাদের ঢল নামলে বিপুল সংখ্যক রোহিঙ্গার সঙ্গে মোহাম্মদ ও তার পরিবারের সদস্যরাও ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হিসেবে নিবন্ধিত হন। বর্তমানে তার পরিবারের সদস্য ছয়জন।

২০১৯ সালে মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে নিহত হন মোহাম্মদের বড় ভাই মোহাম্মদ আলম। এরপর পাহাড়কেন্দ্রিক অপরাধীদের সঙ্গে যোগাযোগ বাড়ে তার। একপর্যায়ে সশস্ত্র পাচারকারী সাদ্দাম গ্রুপে যোগ দেন। এরপর থেকে পাহাড়ে অপহরণ, মানবপাচার ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে সক্রিয় হয়ে ওঠেন।

সাদ্দাম গ্রুপের সহযোগী

শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ তাহের বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সশস্ত্র মানব পাচারকারী সাদ্দাম গ্রুপের প্রধান সহযোগী মোহাম্মদ। রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক পাহাড়ে তার ত্রাসের রাজত্ব গড়ে ওঠে। সেনাসদস্য হত্যায় তাকে আটকের পর পরিবারের লোকজন ঘর ছেড়ে অন্যত্র চলে গেছে। সেইসঙ্গে সেনাসদস্য হত্যায় জড়িত তার সহযোগীরা গা ঢাকা দিয়েছে। অনেকে পাহাড়ে অবস্থান করছে। কেউ কেউ সীমান্তের ওপারে পালানোর চেষ্টা করছে। কেউ নৌপথে পালানোর প্রস্তুতি নিচ্ছে বলেও শোনা যাচ্ছে।’

সেনাসদস্য হত্যার ঘটনায় গ্রেফতার

গত বৃহস্পতিবার টেকনাফের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে ১২০ জন রোহিঙ্গা নাগরিক ও কয়েকজন বাংলাদেশিকে জিম্মি করে রাখার খবর পেয়ে যৌথ অভিযান চালায় সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বিজিবি ও পুলিশ। এ সময় সশস্ত্র মানব পাচারকারীদের গুলিতে নিহত হন সেনাসদস্য তিতাস শেখ।

ঘটনার চার দিন পর সোমবার ভোরে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মিনহাজুল ইসলাম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় মামলা করেন। এতে ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১৭ জনকে আসামি করা হয়েছে। মামলায় শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদকে প্রধান আসামি করা হয়। এরই মধ্যে মামলার এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেফতার অন্য পাঁচজন হলেন- উখিয়ার ১৪ নম্বর ক্যাম্পের বাসিন্দা আরজ ও মো. হাসান, হ্নীলার লেদা ক্যাম্পের বাসিন্দা মো. হানিফ, নয়াপাড়া ক্যাম্পের বাসিন্দা ওমর ফারুক এবং শালবাগান ক্যাম্পের শফি উল্লাহ।

গা ঢাকা দিয়েছে অপরাধীরা 

মোহাম্মদ গ্রেফতারের পর তার স্ত্রী ও চার সন্তান শালবাগান ক্যাম্পের জি-৪ ব্লকের ঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন বলে জানিয়েছেন ওই ব্লকের বাসিন্দারা। তবে কোথায় গেছেন, তা নিশ্চিত করে জানাতে পারেননি তারা।

নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা সোমবার বিকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সেনাসদস্য হত্যার ঘটনার দিন ঘটনাস্থলে মোহাম্মদের ব্যাপক তৎপরতা ছিল। সে সাদ্দাম গ্রুপের সদস্য। গ্রেফতারের পর তাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। সেইসঙ্গে ঘটনায় জড়িত অন্যদের ধরতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’

ক্যাম্পের এক রোহিঙ্গা নেতা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পাহাড়ে সশস্ত্র মানব পাচারকারীদের কাছে মিয়ানমারসহ বিভিন্ন দেশের তৈরি নানা ধরনের ভারী অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ আছে। ঘটনার দিন পাহাড়ে গোলাগুলির সময় অপরাধীরা মিয়ানমারের তৈরি জি-৩ রাইফেল ব্যবহার করেছে বলে জানা গেছে।’

তার ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান ও তৎপরতা বেড়ে যাওয়ায় অনেক অপরাধী সীমান্ত ও নৌপথ দিয়ে পালানোর চেষ্টা করছে। তবে কয়েকজন শীর্ষ অপরাধী নিজেদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র সঙ্গে নিয়েই আত্মগোপনে চলে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে।

যা বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অপরাধীদের ধরতে আমাদের অভিযান চলমান রয়েছে। অভিযানের তৎপরতা টের পেয়ে অনেকে গা ঢাকা দিয়েছে। তাদের ধরার চেষ্টা চলছে। সশস্ত্র মানব পাচারকারীদের ছাড় দেওয়া হবে না।’

কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, ‘সেনাসদস্য হত্যার ঘটনায় মামলা করা হয়েছে। মামলার প্রধান আসামিসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’