ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি-যুবদলের দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের শিকার হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁর সঙ্গে উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জিয়াউল হক বকুলের অনুসারী আক্তার ও রুবেলের বিরোধ চলে আসছিল। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা ছিল।

এর জেরে মঙ্গলবার রাতে গ্রামের তুলাতলা এলাকায় এনাম খাঁকে মারধর করেন আক্তার, রুবেলসহ তাদের লোকজন। পরে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এরই ধারাবাহিকতায় বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। এ ছাড়া কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

বিজয়নগর থানার ওসি আহসানুল হক বলেন, পূর্ববিরোধের জেরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ ও আক্তার-রুবেলের লোকজন সকালে সংঘর্ষে জড়ান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।