শেরপুরের ঝিনাইগাতীতে নাশকতার মামলায় আটক এক আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাপ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা বিএনপি।
গত সোমবার (৯ নভেম্বর) রাতে ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ ও সদস্য সচিব লুৎফর রহমান স্বাক্ষরিত চিঠিতে তাকে এই নোটিশ দেওয়া হয়। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
দলীয় নোটিশে বলা হয়েছে, গত ৫ নভেম্বর ঝিনাইগাতী থানা-পুলিশ নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে ধানশাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে আটক করে থানায় নিয়ে যায়। পরে গোলাপ হোসেন নিজের দলীয় পদ ও প্রভাব ব্যবহার করে তাকে থানা থেকে ছাড়িয়ে নেন বলে অভিযোগ করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ড দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী বলেও নোটিশে উল্লেখ করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করেছেন গোলাপ হোসেন। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি কোনও আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে আনেননি কিংবা এ বিষয়ে কোনও তদবিরও করেননি। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের লিখিত জবাব দলের ঊর্ধ্বতন নেতাদের কাছে জমা দেবেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব লুৎফর রহমান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে বিএনপি কঠোর অবস্থানে রয়েছে। কোনও আওয়ামী লীগ নেতা বা নাশকতার মামলার আসামিকে অবৈধ সুবিধা দেওয়ার সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই গোলাপ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তার জবাব সন্তোষজনক না হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
একই কথা জানিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ল শাহজাহান আকন্দ। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে ঝিনাইগাতী থানার ওসি এসএম নূর মোহাম্মদ বলেন, পুলিশ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়। থানায় প্রভাব খাটিয়ে কোনো আসামিকে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। ওই দিন একটি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ইউপি সদস্য আলমকে থানায় আনা হয়েছিল। তবে পরোয়ানায় থাকা নাম ও ঠিকানার সঙ্গে তার তথ্যের মিল না পাওয়ায় যাচাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়।