চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেদিন থেকে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। তবে এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রয়োজনীয় জিপিএ শর্ত পূরণ সাপেক্ষে ভর্তির আবেদন করতে পারবেন।

বুধবার (১১ নভেম্বর) চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের সুযোগ দিতে আবেদনের সময়সীমায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি জমা দেওয়া যাবে ১২ জানুয়ারি পর্যন্ত।

ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ২৯ জানুয়ারি ‘সি’ ইউনিট, ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট ও ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ‘বি-১’ ও ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা যথাক্রমে ৩ ও ৪ ফেব্রুয়ারি এবং ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষাগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়— এই তিনটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা তিনটি ক্যাম্পাসে একই সময়ে অনুষ্ঠিত হবে। তবে ‘বি-১’, ‘বি-২’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

অধ্যাপক মোহাম্মদ আল-আমিন বলেন, ‘যারা সাপ্লিমেন্টারি পরীক্ষায় পাস করবে তারা চবিতে ভর্তির আবেদনের সুযোগ পাবেন।’

তিনি আরও বলেন, ‘তাদের আবেদনের ক্ষেত্রে কোনও সমস্যা না হয়, সেজন্য আবেদনের সময়সীমা কিছুটা বাড়ানো হয়েছে।’