কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি তিনটি ইউনিটে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনলাইনে আবেদন শুরু হবে আগামী ১৫ নভেম্বর।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম এম শরীফুল করীমের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায়, বি ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ভর্তি পরীক্ষা ৬ ফেব্রুয়ারি বিকাল ৩টায় এবং সি ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আগামী ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। শিক্ষার্থীদের সুবিধার্থে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতে ভর্তি পরীক্ষার কেন্দ্রের ব্যবস্থা করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, ‘আগামী ৫, ৬ ও ৭ ফেব্রুয়ারি স্নাতক ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের যাতায়াত ও নিরাপত্তাজনিত ভোগান্তি কমাতে কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতে কেন্দ্রের ব্যবস্থা করা হবে।’









